শিরোনামোক্ত বিষয়ে ০৪ জানুয়ারি ২০২১ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-০৪ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

০২। উক্ত সার্কুলারের মাধ্যমে আর্থিক খাতে ঋণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং অধিকতর স্বচ্ছতা আনয়নের নিমিত্ত এই মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল যে, ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ২(৮) ধারায় সংজ্ঞায়িত কোন জনস্বার্থ সংস্থার অনুকূলে ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন/নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ Statutory Audit Report গ্রহণ করে তা যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। এতদ্ব্যতীত ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন/নবায়নের ক্ষেত্রে অন্য যে সকল প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকবে তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

০৩। সিএমএসএমই সেক্টরে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনায় এবং এ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সিএমএসএমই সেক্টরের কটেজ (C), মাইক্রো (M) এবং ক্ষুদ্র (S) সাব-সেক্টরের যেসকল প্রতিষ্ঠান ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ২(৮) ধারায় উল্লেখিত সংজ্ঞানুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে, সেসকল প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন/নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত Statutory Audit Report গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখে হতে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।

০৪। এতদ্ব্যতীত উক্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

০৫। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ২(৮) ধারায় সংজ্ঞায়িত কোন কোন জনস্বার্থ সংস্থা ব্যাংক থেকে ঋণ গ্রহণ/নবায়ন করার সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ কর্তৃক নিরীক্ষিত এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ আর্থিক বিবরণী জমা প্রদান না করে ভিন্ন নামে অভিহিত আর্থিক বিবরণী (যেমন: ম্যানেজমেন্ট অডিট রিপোর্ট, রিভিউ রিপোর্ট ইত্যাদি) জমা করে থাকে।

০২। এক্ষণে এই মর্মে জানানো যাচ্ছে যে, ঋণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং আর্থিক খাতে অধিকতর স্বচ্ছতা আনয়নের নিমিত্ত ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ২(৮) ধারায় সংজ্ঞায়িত কোন জনস্বার্থ সংস্থার অনুকূলে ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন/নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ কর্তৃক নিরীক্ষিত এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ Statutory Audit Report এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করে তা যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। এতদ্ব্যতীত ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন/নবায়নের ক্ষেত্রে অন্য যে সকল প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকবে তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

০৩। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Source: Bangladesh Bank