Website: www.bb.org.bd
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা ।
| বিআরপিডি সার্কুলার লেটার নং- ৪৫ | ১৯ ভাদ্র, ১৪২৭ তারিখ ঃ —————– ০৩ সেপ্টেম্বর, ২০২০ |
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
প্রিয় মহোদয়,
বস্ত্র আইন, ২০১৮ এর আওতায় বায়িং হাউজসহ অন্যান্য সকল বস্ত্রশিল্প প্রতিষ্ঠানের নিবন্ধন প্রসঙ্গে।
দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের বস্ত্র খাতকে যুগোপযোগীকরণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সহায়তাকরণ, টেকসই উন্নয়ন, বিনিয়োগ আকৃষ্টকরণ, আধুনিকায়ন, সমন্বয় ও মান নিয়ন্ত্রণ, বস্ত্রশিক্ষা ক্ষেত্রে চাহিদা ভিত্তিক কারিক্যুলাম প্রণয়ন, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনবল সৃষ্টি এবং এতদ্সংক্রান্ত অন্যান্য কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে বস্ত্র আইন, ২০১৮ প্রণীত হয়েছে। এ আইনের ২(৬) ও ১২(২) নং ধারা মোতাবেক বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন ব্যতীত কোন বস্ত্রশিল্প [বস্ত্র আইন, ২০১৮ এর ২(৮) নং ধারায় উল্লেখিত সকল প্রতিষ্ঠান] পরিচালনা করা যাবে না।
০২। তবে, কতিপয় বায়িং হাউজসহ অন্যান্য বস্ত্রশিল্প প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন গ্রহণ না করে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনাকরতঃ আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে মর্মে বিভিন্ন মহল হতে অভিযোগ উত্থাপিত হচ্ছে। বস্ত্র অধিদপ্তরে নিবন্ধিত না হওয়ায় এ ধরণের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আইনী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না মর্মেও জানা যায়।
০৩। এমতাবস্থায়, বস্ত্র আইন, ২০১৮ অনুযায়ী দেশের বায়িং হাউজসহ অন্যান্য সকল বস্ত্রশিল্প প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হওয়া আবশ্যক বিধায় এ সকল প্রতিষ্ঠানের অনুক‚লে ব্যাংকিং সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত আইনের আওতায় গ্রাহক প্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি নিশ্চিতকরণের জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।
০৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার লেটার জারি করা হলো।
আপনাদের বিশ্বস্ত,
(মোঃ নজরুল ইসলাম)
মহাব্যবস্থাপক
ফোনঃ ৯৫৩০২৫২
Source: https://bb.org.bd/mediaroom/circulars/brpd/sep032020brpdl45.pdf