Providing online banking services to the customers of Islamic banking branches and window’s at Conventional branches and sub-branches. Ref: BRPD Circular Letter No. 30 dated 08-Jul-2024.



ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০
বাংলাদেশ
Website: www.bb.org.bd

বিআরপিডি সার্কুলার লেটার নং-৩০
তারিখ: ২৪ আষাঢ় ১৪৩১/ ০৮ জুলাই ২০২৪

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক

প্রিয় মহোদয়,

ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা ও উইন্ডোর গ্রাহকদের কনভেনশনাল শাখা ও
উপশাখাসমূহে অনলাইনে ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান প্রসঙ্গে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিআরপিডি সার্কুলার নং-১৫ তারিখ: ০৯ নভেম্বর ২০০৯ এর মাধ্যমে জারিকৃত Guidelines for Conducting Islamic Banking এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হলো।

২। উক্ত গাইডলাইন্সে ইসলামিক ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা কর্তৃক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষণে, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম অধিকতর সম্প্রসারণ ও গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা/উইন্ডোর গ্রাহকদের কনভেনশনাল শাখা ও উপশাখাসমূহে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে:

(১) গ্রাহকদের ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানে শাখা ও উপশাখায় ইসলামিক ব্যাংকিং হেল্প ডেস্ক থাকতে হবে;

(২) ইসলামিক ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মকর্তাকে ইসলামিক ব্যাংকিং ডেস্কে পদায়ন করতে হবে।

(৩) ইসলামিক ব্যাংকিং ডেস্কের মাধ্যমে শুধুমাত্র ব্যাংকের অনুমোদিত ইসলামিক ব্যাংকিং শাখা/উইন্ডোর গ্রাহকদের অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন তথা গ্রাহক হিসাবে অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তর সুবিধা প্রদান করা যাবে;

(৪) ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য পৃথক ‘ইসলামিক কোর-ব্যাংকিং’ সফটওয়‍্যার ব্যবহার করতে হবে:

(৫) ইসলামিক ব্যাংকিং লেনদেন ইসলামিক ব্যাংকিং শাখায় রক্ষিত সাধারণ হিসাব (IB General Account) এর মাধ্যমে পরিচালিত হবে:

(৬) ইসলামিক ব্যাংকিং শাখায় রক্ষিত সাধারণ হিসাবের অর্থ কনভেনশনাল ব্যাংকিং কার্যক্রমে ব্যবহার করা যাবে না;

(৭) গ্রাহক হিসাব খোলা ও বিনিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম ইসলামিক ব্যাংকিং ডেস্কের মাধ্যমে সম্পাদন করা যাবে না:

(৮) ইসলামিক ব্যাংকিং ডেস্কের মাধ্যমে অনলাইনে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শাখাসমূহের দর্শনীয় স্থানে ‘অনলাইন ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করা হয়’ মর্মে বিজ্ঞপ্তি/ব্যানার/প্লেকার্ড/ফেস্টুন প্রদর্শন করতে হবে।

৩। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

৪। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,
(মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী)
পরিচালক (বিআরপিডি)
ফোন-৯৫৩০২৫২