website: www.bb.org.bd
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা ।
| বিআরপিডি সার্কুলার লেটার নং-৪৪ | ১৮ ভাদ্র, ১৪২৭ তারিখ ঃ —————– ০২ সেপ্টেম্বর, ২০২০ |
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংক
প্রিয় মহোদয়,
ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ প্রসংগে।
শিরোনামোক্ত বিষয়ে ১৩ মার্চ, ২০১৭ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-০২ এবং ০৫ জুন, ২০১৮ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-১০ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত Guidelines on Credit Risk Management (CRM) for Banks এ বর্ণিত নির্দেশনা অনুসরণপূর্বক গ্রাহককে যে উদ্দেশ্যে ঋণ প্রদান করা হয়েছে/হবে সে উদ্দেশ্যেই ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়মিত মনিটরিং করার জন্য বিআরপিডি সার্কুলার লেটার নং-০২/২০১৭ এর মাধ্যমে ব্যাংকগুলোকে পরামর্শ প্রদান করা হয়েছে। তাছাড়া বিআরপিডি সার্কুলার লেটার নং-১০/২০১৮ এর মাধ্যমে কিস্তি ভিত্তিক প্রকল্প ঋণ এর ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার নিশ্চিত হয়ে পরবর্তী কিস্তি ছাড়করণের জন্য এবং কোন ঋণের অর্থ মঞ্জুরীপত্রে বর্ণিত খাতের পরিবর্তে অন্যত্র ব্যবহৃত হলে ব্যাংককে তার কারণ উদঘাটনসহ তা রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।
০৩। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, গ্রাহকের অনুকূলে প্রদত্ত ঋণ/বিনিয়োগ দ্বারা গ্রাহকের বিদ্যমান অন্য কোন ঋণ/বিনিয়োগ এর দায় পরিশোধ বা সমন্বয়ে ব্যবহৃত হচ্ছে, যা ঋণ শৃংখলার পরিপন্থী। Guidelines on Credit Risk Management (CRM) for Banks এর যথাযথ পরিপালন নিশ্চিতকল্পে এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, একটি ঋণ/বিনিয়োগ এর অর্থ দিয়ে কোনভাবেই অপর কোন ঋণ/বিনিয়োগ এর দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় বিষয়টি গুরুত্ব সহকারে পরিবীক্ষণ করার জন্যও আপনাদের নির্দেশনা প্রদান করা হলো।
০৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
০৫। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
(মোঃ নজরুল ইসলাম)
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০২৫২
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/sep022020brpdl44.pdf