উপর্যুক্ত বিষয়ে অত্র বিভাগের ০৯/০৬/২০১০ তারিখের এসিডি সার্কুলার নং-১২ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ১৩/০২/২০১৩ তারিখের সূত্র নং- বিআরপিডি(পি-১)/৭৬০/বিবিধ/২০১৩-৬৬০-৭০৭ এর প্রতি আপনাদের দৃষ্টি আর্কষণ করা যাচ্ছে। উক্ত সূত্রদ্বয়ে আপনার ব্যাংকের আঞ্চলিক কার্যালয় প্রধান (প্রযোজ্য ক্ষেত্রে শাখা প্রধান) কে জেলা কৃষি ঋণ কমিটির সভায় নিয়মিত উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অনেকক্ষেত্রে কোন কোন ব্যাংক নিম্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে এ সভায় প্রেরণ করে থাকে। সেক্ষেত্রে প্রেরিত প্রতিনিধি কৃষি ঋণ সম্পর্কে যথাযথ তথ্যাদি সভায় উপস্থাপন করতে সমর্থ হন না বিধায় সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন সম্ভব হয় না। ফলশ্রুতিতে, এ সভার উদ্দেশ্য বহুলাংশে ব্যাহত হয়। কৃষি ঋণ কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে জেলা কৃষি ঋণ কমিটির সভায় সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধানের (প্রযোজ্য ক্ষেত্রে জেলার শাখা প্রধান) উপস্থিতি নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে পুনরায় নির্দেশনা প্রদান করা হলো।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/acd/dec222015acfidl05.pdf