সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংকিং সময়সূচীর পরে কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে মহিলা কর্মকর্তা/কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তাছাড়া, তফসিলী ব্যাংকের কর্মকর্তাগণের নিকট হতে চাকুরীতে ইস্তফা, অযৌক্তিক বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। ফলে বিভিন্ন রকমের জটিলতার উদ্ভব হচ্ছে যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়।
এতদ্সূত্রে ব্যাংক কতৃর্ক পরিপালিত বিভিন্ন নিয়মাচার পর্যালোচনান্তে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ব্যাংকিং সময়সূচীর পরে অর্থাৎ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে মহিলা কর্মকর্তা/ কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ অফিসীয় প্রয়োজনে যদি কোন মহিলা কর্মকর্তা/কর্মচারীকে ব্যাংকিং সময়সূচীর পরেও ব্যাংকে অবস্থান করতে হয় তবে তাদেরকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক প্রদান করতে হবে।
আরো উল্লেখ্য, ব্যাংক কতৃর্ক ইচ্ছামাফিক ঢালাওভাবে কর্মকর্তা/কর্মচারী ছাঁটাই রদ করতে হবে। নিয়োগকালে পেশাদারিত্বের সাথে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা/কর্মচারীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এছাড়া, ব্যাংকের কর্মকর্তাগণের চাকুরীতে ইস্তফা, চাকুরী হতে বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে International Labour Organization Conventions; বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে ব্যাংকের সার্ভিস রুলস্ সংশোধন করতঃ তার যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে ।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।