বর্তমান ব্যাংকিং খাতে নিয়োজিত কর্মবলের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী। দেশের আর্থসামাজিক উন্নয়নে নারী কর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শিশু সন্তান রয়েছে এমন নারী কর্মকর্তা/কর্মচারীদের কর্মক্ষমতা তাদের সন্তানদের সেবা ও নিরাপত্তার সাথে সম্পর্কিত। এতদ্সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ঘোষিত ABC of women workers’ rights and gender equality শীর্ষক নীতিমালায় লিঙ্গ ভেদাভেদ ব্যতিরেকে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা/কর্মচারীদের শিশু সন্তানদের বিনা খরচে অথবা তাদের সাধ্যানুযায়ী খরচের মধ্যে উপযুক্ত শিশু পরিচর্যার সুবিধা প্রদানের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারী অফিসে এরূপ শিশু দিবা যত্নকেন্দ্র থাকলেও দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ ধরণের কেন্দ্র প্রায় নেই বললেই চলে।
এতদ্প্রেক্ষিতে যে সব ব্যাংকে এরূপ শিশু দিবা যত্নকেন্দ্র নেই, সেসব তফসিলী ব্যাংককে এককভাবে বা নিকটবর্তী স্থানে যৌথভাবে শিশু দিবা যত্নকেন্দ্র স্থাপনের পরামর্শ দেয়া যাচ্ছে। ব্যাংকসমূহ এতদুদ্দেশে উক্ত কেন্দ্রে শিশু ভর্তি, ভর্তি ফি, তথ্য সংরক্ষণ, সেবার মান, নিরাপত্তা বিধান ইত্যাদি সংক্রান্ত একটি নীতিমালা পরিচালক পর্ষদের অনুমোদন নিয়ে প্রণয়ন করবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন ।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/mar192013brpd01.pdf